নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের মেয়েদের প্রথম জয়
টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলকে হারিয়েছে পাকিস্তানের নারী ক্রিকেট দল। ডানেডিনে ফাতিমা সানার ৩ উইকেটে আগে ব্যাট করা নিউজিল্যান্ডকে ১২৭ রানেই আটকে দেয় পাকিস্তান। তাড়া করতে নেমে পাকিস্তান লক্ষ্যে পৌঁছে যায় ৭ উইকেট আর ১০ বল হাতে রেখে। এই জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। নয়বারের দেখায় নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয় এটি।
১২৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলী ও শাওয়াল জুলফিকার খেলেছেন দেখেশুনে। দুজনে পাওয়ার প্লেতে তোলেন ৩০ রান। ৫২ বলে ৪০ রান ওঠার পর জুটি ভাঙলে দ্বিতীয় উইকেটে রানের গতি বাড়ে।তিনে নামা অধিনায়ক নিদা দারের সঙ্গে জুলফিকারের জুটিতে মাত্র ২৬ বলে যোগ হয় ৫১ রান। মূলত এই জুটিই পাকিস্তানকে জয়ের কাছে নিয়ে যায়। জুলফিকার করেন ৪১ রান। আর নিদার ব্যাট থেকে আসে ১৪ বলে ২৩ রান। নিদা আউট হওয়ার পর বাকি কাজটা করেন আলিয়া রিয়াজ। তিনি করেছেন ১২ বলে ২৫।
